প্রশাসনের নিষ্ক্রিয়তায় আ.লীগ নেতা খুন!
স্থানীয় প্রশাসনের দায়িত্বে অবহেলা ও সংঘর্ষ চলাকালে পুলিশের ‘রহস্যজনক নিষ্ক্রিয়তা’র কারণে রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশের নিরাপত্তা বেষ্টনীর অদূরে উপজেলা পরিষদ চত্বরে সন্ত্রাসীরা বাবুলের মাথায় ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে গেলেও তা কারও নজরে না পড়ার বিষয়টি রহস্যের জন্ম দিয়েছে।
গত ২২ জুন একই সময় ও স্থানে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। তা সত্ত্বেও স্থানীয় উপজেলা প্রশাসন ওই স্থানে জারি করেনি ১৪৪ ধারা। শুধু তাই নয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে যেখানে বাবুল হামলার শিকার হয়েছেন তার অদূরেই একই স্থানে ছিল তিনটি সিসিটিভি ক্যামেরা। ইউএনও কার্যালয়ের নিয়ন্ত্রণে থাকা এসব সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষিত না থাকায় প্রকৃত খুনি শনাক্ত করা নিয়েও জন্ম দিয়েছে ধোঁয়াশার। যদিও মামলার এজাহারে বলা হয়েছে, ১ নম্বর আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী ও ২ নম্বর আসামি ইউপি চেয়ারম্যান মেরাজুল চায়নিজ কুড়াল দিয়ে বাবুলকে কুপিয়েছেন।
বাবুল হত্যাকাণ্ডের পেছনে দলিল লেখক সমিতির নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় এমপি শাহরিয়ার আলমের হস্তক্ষেপ দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সমিতির মাধ্যমে অতিরিক্ত চাঁদাবাজি আর ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বাবুলের লাশ নিয়ে এমপি শাহরিয়ার রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।
জানা গেছে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহরিয়ার আলম ২০১৯ সাল থেকে দলিল লেখক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক কে হবেন, তা ঠিক করে দেন। এ কমিটির নেতারা দলিল লেখার সময় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে লেখকদের বাধ্য করত। গত ৯ জুন এমপি শাহরিয়ার দলিল লেখক সমিতির নতুন সভাপতি হিসেবে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক হিসেবে পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামিউল আলম নয়নের নাম লিখে ইউএনও খুদেবার্তা দেন। বিষয়টি স্বীকারও করেন ইউএনও তরিকুল ইসলাম। পরদিন ১০ জুন পিন্টু ও নয়ন দায়িত্ব নিতে গেলে দলিল লেখকদের একাংশের বিরোধিতার মুখে পড়েন। সেদিন দলিল লেখকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। বাঘার ২২ জুনের সংঘর্ষের সূত্রপাত হয় সেদিনই।
এক কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসন ২২ জুন ১৪৪ ধারা জারি করতে চেয়েছিল; কিন্তু রাজনৈতিক চাপের কারণে তা হয়নি। ইউএনও তরিকুল ইসলাম বলেন, ১৪৪ ধারা না দিলেও আমরা পুলিশ প্রস্তুত রেখেছিলাম। থানার পাশাপাশি জেলা পুলিশ লাইন্স থেকে আগের রাতেই অতিরিক্ত ৩০ জন পুলিশ সদস্য আনা হয়।মামলার বাদী ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শাহিনুর রহমান পিন্টু বলেন, কর্মসূচির ব্যাপারে পুলিশকে আমরা অবহিত করেছিলাম। পুলিশ বলেছিল, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে। পৌর মেয়র আক্কাসের লোকজন হামলা চালালে আমাদের মধ্যে কেউ ইউএনওর বাসভবনের সামনে আবার কেউ প্রাচীর টপকে থানায় গিয়ে আশ্রয় নিই। বাবুলের ধারণা ছিল তাকে কেউ মারবে না, কিন্তু মেরেছে। আমরা সরাসরি তাকে কোপাতে দেখিনি।
একই কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ সাদিক কবির। তিনি বলেন, গেটের সামনে কারা যেন একটি ককটেল মারে। এ কারণে পুলিশ একটু দূরে সরে যায়। এরপর হামলাকারীরা ভেতরে ঢুকে বাবুলকে কোপায়। আমরা প্রাচীর টপকে থানায় আশ্রয় নিয়েছিলাম। পরে ওসি আমাকে ফোন করে বলেন, বাবুল পড়ে আছেন। তখন আমরা এসে একটা মোটরসাইকেলে তুলে বাবুলকে হাসপাতালে নিয়ে যাই।
নিহত বাবুলের স্ত্রী জরিনা খাতুন বেবী জানান, আহত হওয়ার পরদিন বাবুলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। তখন তিনি বাবুলের কাছে হামলাকারীর সম্পর্কে জানতে চেয়েছিলেন। বাবুল তাকে জানিয়েছিলেন, হামলাকারীকে তিনি চেনেন না। তবে দেখলে চিনতে পারবেন।
নিহত বাবুলের ছেলে আশিক জাভেদ বলেন, পুলিশের ব্যর্থতার কারণে আমার বাবার প্রাণ গেছে।
গত ২৭ জুন বাবুলের জানাজার সময় এমপি শাহরিয়ার আলম হত্যার পেছনে মদদদাতা হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটির মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৩ আসনের এমপি আসাদুজ্জামান আসাদকে দায়ী করে বক্তব্য দেন।
শাহরিয়ারের ওই বক্তব্যের পর মেয়র লিটন বলেন, এসব ঘটনায় আমার সম্পৃক্ত হওয়ার কোনো কারণ নেই। সুযোগও নেই। মনে হচ্ছে রাজনীতি করতে শাহরিয়ারের একটা লাশের প্রয়োজন ছিল।
এসব বিষয়ে জানতে এমপি শাহরিয়ার আলমের নিজ সংসদীয় এলাকায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। এরপর তার হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করা হলেও তিনি উত্তর দেননি।
উল্লেখ্য, গত ২২ জুন বাঘা উপজেলা সদরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন বাবুল। ২৬ জুন বিকেলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই সংঘর্ষের নেপথ্যে ছিল বাঘা উপজেলা দলিল লেখক সমিতির বাড়তি টাকা আদায়কে সমর্থন দেওয়া বা না দেওয়া।
Admin / Admin
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামানের দাফন সম্পন্ন
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ ও সহিংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএজেপি'র
বাগেরহাটে জামাত নেতার অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
চাঁদপুরের "কচুয়ার সন্তান " ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়া রুবেল
সাটুরিয়ায় সাধারণ ভোটারদের উদ্যোগে ধানের শীষের বিশাল মিছিল ও শোডাউন অনুষ্ঠিত
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর
আগে হবে প্রজ্ঞাপন তারপরে নির্বাচন ,পে- স্কেল নিয়ে তালবাহানা চলবে না চলবে না
ভোট কেন্দ্র দখল করতে আসায় যৌথ বাহিনীর প্রতীকি মহড়া
আমতলীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নৌবাহিনীর হাতে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার
ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের বিকল্প নেই - শেখ মঞ্জুরুল হক রাহাদ
দেশের মানুষ রাজনীতির দুই ভূত তাড়াতে চায় : মামুনুল হক
বাগেরহাটে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি উৎপাদন হুমকির মুখে