সুপারিশ বাস্তবায়ন নিয়েও শঙ্কা, পে-স্কেল নিয়ে অনিশ্চয়তা
সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর ও সুযোগ-সুবিধা বাড়াতে গত জুলাইয়ে জাতীয় পে কমিশন গঠন করে সরকার। ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো নবম পে স্কেল নিয়ে কমিশনের সুপারিশ জমা পড়েনি। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রথমদিকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এই সরকারের আমলেই নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দিলেও গত ৯ নভেম্বর তিনি বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে কর্মচারী নেতারা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আল্টিমেটাম দিলেও তা বাস্তবায়ন হয়নি।
কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে জমা পড়া মতামত ও কর্মচারীদের প্রস্তাব বিশ্লেষণ করে গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জাতীয় বেতন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় কমিশনের খসড়া সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কিছু বিষয়ে সংশোধনী এনে আবারও বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সুপারিশ চূড়ান্ত করার আগে অন্তত আরও তিনটি সভা হতে পারে বলে জানা গেছে। কমিশনের সুপারিশ আগামী জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। ফলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সুপারিশ জমা হলেও তা যাচাই-বাছাই করে নতুন পে স্কেল কার্যকরের মতো পর্যাপ্ত সময় সরকারের হাতে থাকবে না। এ অবস্থায় বর্তমান সরকারের আমলে নবম পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেন, পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়; এর সঙ্গে অনেক বিষয় জড়িত। স্বল্প সময়ের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তবে এই সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো কার্যকর হবে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।
বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচিত সরকার এলেও দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা কম। বর্তমান ও পরবর্তী উভয় সরকারকেই আর্থিক সংকট ও বাজেট ঘাটতির চাপে পড়তে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, আর্থিক সক্ষমতা না থাকায় অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের ঝুঁকি নিচ্ছে না। নির্বাচিত সরকার এলেও আগে অর্থনীতি চাঙ্গা করা বড় চ্যালেঞ্জ হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যয় ও ঋণের সুদের চাপ বিবেচনায় নিলে নতুন পে স্কেল বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। পরবর্তী সরকারের জন্যও এটি সহজ হবে না।
এদিকে সাম্প্রতিক আন্দোলন দমন ও সরকারি সিদ্ধান্তের কারণে পে স্কেলের দাবিতে আন্দোলনরত কর্মচারী নেতারা আপাতত আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পথে হাঁটছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন, সব দাবি আন্দোলনের মাধ্যমেই আদায় করতে হয় না; পে স্কেলের দাবিতে আলোচনার পথেই তারা এগোতে চান।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি ওয়ারেছ আলী বলেন, চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকেই কর্মসূচি দেওয়া হবে। বিধিমালাবহির্ভূত কোনো কর্মসূচি ঘোষণা করা হবে না।
সব মিলিয়ে, নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের প্রত্যাশা থাকলেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।
Masum / Masum
দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ -- সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
আবদুল্লাহপুর এ্যাডগ্রেড বিআরটি প্রকল্পের অংশের জরুরি সংস্কার কাজ পর্যবেক্ষণ করলেন -- সেতু সচিব; দ্রুত কাজ শেষের তাগিদ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিমানবন্দর পরিদর্শন
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শ্রমমন্ত্রীর সাথে আইএলও'র কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ
পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঃ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
স্বরাষ্ট্রমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন
সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে
শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর
আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়
বাংলাদেশে, সংবিধান আইনের দৃষ্টিতে সমতা এবং মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করে