ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ১:৫২
শরীয়তপুরের ভেদরগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণী ও তার দুই ভাই-বোনকে চুরির অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতন, মারধর এবং তরুণীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে আফসানা সরদার (৫০) ও আমির (৩০) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
 
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের ছৈয়ালকান্দি এলাকার মুদি দোকানি আবুল মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘদিন ধরে ফারিয়া আক্তার নামের ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন। বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দেওয়া হতো বলেও অভিযোগ পরিবারের। এ নিয়ে স্থানীয়রা মনিরকে একাধিকবার সতর্ক করেন। গত মঙ্গলবার সকালে ফারিয়া তার ছোট বোন মারিয়া আক্তার (১৩) ও ভাই ফাহিমকে (৭) নিয়ে মনিরের দোকানে কেনাকাটা করতে যান। সেখানে মনির তাকে অশালীন কথাবার্তা বলেন এবং রাতে দেখা করার প্রস্তাব দেন বলে অভিযোগ ফারিয়ার। এর প্রতিবাদ করলে মনির তাকে ও তার ভাই-বোনকে দোকানের পাশের ফৌজিয়া সরদারের বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ভাই-বোনকে উদ্ধার করে। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শুক্রবার রাত ১২টার দিকে ভুক্তভোগীর মা ফাতেমা বেগম থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করে ওই রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি আফসানা সরদার ও আমিরকে গ্রেপ্তার করে।
 
ভুক্তভোগী পরিবারের দাবি, ওই বাড়িতে তিন ভাই-বোনের হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। পরে মনিরসহ কয়েকজন তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় ফারিয়ার মাথার চুল কেটে দেওয়া হয় এবং তাকে গলায় জুতার মালা পরানো হয় বলেও অভিযোগ পরিবারের।
 
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। ওই তরুণীকে কান্নাকাটি করতে দেখা যায়। একপর্যায়ে এক যুবক এসে তার হাত আরও শক্ত করে গাছের সঙ্গে বাঁধেন। পরে এক নারী তার গলায় জুতার মালা পরিয়ে দেন এবং ভুক্তভোগীর মাথার চুল কেটে দেওয়া হয়। একইভাবে তার বোনকেও একটি গাছের সঙ্গে বেঁধে রাখার দৃশ্য দেখা যায়।
 
ভুক্তভোগীর মা ফাতেমা বেগম বলেন, ‘দীর্ঘদিন ধরে মনির আমার মেয়েকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। মঙ্গলবার সকালে আমার দুই মেয়ে ও ছেলে বাজার করতে মনিরের দোকানে যায়। সেখানে মেয়েকে রাতে দেখা করার প্রস্তাব দিলে সে প্রতিবাদ করে। পরে আমার তিন সন্তানকে জোর করে একটি বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাদের মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এবং আমার মেয়ের মাথার চুল কেটে দেওয়া হয়। পুলিশ এসে তাদের উদ্ধার করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
 
ভুক্তভোগী ফারিয়া আক্তার বলেন, ‘মনির আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। ঘটনার দিন এর প্রতিবাদ করায় আমাকে ও আমার ভাই-বোনকে জোর করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাকে একটি কক্ষে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করা হয়। পরে চিৎকার করলে লোকজন জড়ো হয়। তখন আমাদের বিরুদ্ধে চুরির অপবাদ দেওয়া হয়। এরপর আমাকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও চুল কেটে দেওয়া হয়। আমার ভাই-বোনকেও গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।’
 
সখিপুর থানার ওসি মোফাজ্জল হুসাইন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা প্রথমে থানায় লিখিত অভিযোগ দিলেও পরে তা প্রত্যাহার করে নেন। পরবর্তীতে শুক্রবার রাত ১২টার দিকে তিনি আবার ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে রুজু করে রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Rp / Rp

মাদক বিরোধী অভিযানে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা হতে ৬৭ কেজি গাজা সহ ০১ জন মাদক কারবারি আটক এবং ০১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে র‍্যাব ৭ চট্টগ্রাম

হাওরে মাছের অভয়াশ্রম বাড়ানো হবে, ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও ভাই-বোনকে গাছে বেঁধে নির্যাতন: গ্রেপ্তার ২

পানির নিচে ছিল লাভের আশা, বাজারে এসে মিলছে লোকসান

মহাদেবপুরে রাসায়নিক সারের অপব্যবহার রোধে উঠান বৈঠকের নির্দেশ দিলেন - এমপি ফজলে হুদা 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন— পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি

নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মহাদেবপুরে বিএনপি নেতার মদদে কৃষকের রোপিত ধানের চারা নষ্ট সহ মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

রামপা‌লে নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা অনু‌ষ্ঠিত

শরীয়তপুরে মসজিদের ইমাম এনামুল হকের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি মুসল্লী, এলাকাবাসী ও সহকর্মীদের

বাগেরহাট খানজাহান আলী ডিগ্রি কলেজে পালিত হয়নি জুলাই গনঅভ্যুথ্যান দিবস

৭১'র পর ১টি গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করেছে আর ২৪' পরবর্তী ১টি গোষ্ঠী জুলাই বিক্রি করছে - এমপি ফজলে হুদা